Friday, February 14, 2020

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে
সূর্যাস্তে !
রক্তিম আভায় আকাশ
বিহঙ্গেরা ফিরিছে বাসায়
ডানা মেলি উদ্ধাকাশ ।
এ কার বিদায়ের পূর্বাভাস !?
যাবার আগে তার বার্তা আসে
আবার আসিব ফিরে গ্ৰাম বাংলায়
ধূলিমাটি ঘাসফুল, রঙতুলি ভালোবেসে ।।
              এ এফ এম বাইতুল্লা

Tuesday, February 11, 2020

১১৫ :: জ্ঞানের আলোয়

কারোর জন্য কেউ থেমে থাকে না
কারোর জন্য প্রকৃতির নিয়ম ফের হয়না ।
প্রতিদিন একটু একটু করে গন্তব্য স্থলের দিকে এগিয়ে চলেছো ,
এগিয়ে চলেছে শিক্ষা, স্বাস্থ্য, সভ্যতা
তবুও মন ইতিহাস ছুঁতে চায় অগত্যা !
স্মৃতির পাতায় খোঁজে ফেরে সুখ দুখের গৌরব গাঁথা,
একটা শিশুগাছ বাড়তে বাড়তে চায় আকাশ ছুঁতে
তখন-ই বোঝে আকাশের সাপেক্ষে অতি ক্ষুদ্র সে ।
তাই অহংকার নয়,
ক্ষুদ্র অণু পরমাণুর রয়েছে অপরিসীম শক্তি
শিশু মন জ্ঞানের আলোয় পাক দীপ্তি ।
যা জগৎ আলো করে
যা এগিয়ে দেয় এক যুগকে অসম্ভব সম্ভাবনার দিকে,
এসো সক্বলে সেই আলোর সন্ধান করি ।।Nb

            এ এফ এম বাইতুল্লা


Tuesday, February 4, 2020

১১৪। তপস্যার ফল

সমভূমির নরম মাটিতে দাঁড়িয়ে সে
গায়ে তার সোঁদা মাটির গন্ধ ভাসে ।
একদৃষ্টে তাকিয়ে উত্তরের জানালায়
অপার সৌন্দর্য নিয়ে জন্ম উত্তরের কন্যার।
শ্বেত-শুভ্র বসন , সূর্যের সোনালী আলোয় অপরূপা ।
পায়ে তার নূপুরের নিক্বন 
এখন মাটির মন বড়ই উন্মন।
বিস্তর ব্যবধান ! কি তার সমাধান ?
সে হাঁটুগেড়ে বসেছে মাটির আসনে।
গভীর ধ্যানে মগ্ন উত্তরের অপেক্ষায়!
যেনো কোন ধ্যানমগ্ন কবি সূর্যতপে 
কবে শীতঘুম ভেঙে বসন্ত আসবে ??
একসময় বসন্ত এলো আর সূর্য জ্বলে উঠলো তেজে
ধ্যানমগ্ন কবির কপালেও জ্বলে উঠলো আলো
উত্তরের বরফ ও গলতে শুরু করলো
ঝর্ণার স্পন্দন ‌‌‌‌‌ও জেগে উঠলো বরফ কন্যার ভিতরে
কি করে ধরে রাখবে নিজেকে ,সমোচ্চশীলতার নিয়ম ভঙ্গ করে ?
গভীর ধ্যানে মগ্ন কবি
ঝর্ণা কে আসতেই হবে তার কাছে হলেও ধীরগতি ।।
             এ এবং এম বাইতুল্লা


Tuesday, November 26, 2019

১১৩ :: বিসর্জন

দাঁড়িয়ে জলের কাছাকাছি
শান্ত-স্ফটিক জল ডাকছে
তার কাছে ,
একটু মৃদুমন্দ বাতাস ; ছুঁয়ে গেল
আমিও অভিভূত !
ইচ্ছে ,অন্তত একবার জলের কাছে যাই ।
পা রাখলাম জলের কাছে
এক শিহরণ পা থেকে মাথায় ।
ইচ্ছে আর একটু এগিয়ে যাই
এবার হাঁটু পর্যন্ত নামলাম ,
এবার‌ও অনন্য অনুভূতি !
ইচ্ছে এবার একটু পরখ করে দেখি
অন্তত গলা-বুক,মুখ ডোবানোর আগে ।
উষ্ণ-হাত দুটি বাড়ালাম জলের দিকে
এক বিপরীত সত্তা , শীতল জলের ছোঁয়া !
চমকে উঠলাম ,সম্বিত ফিরল
উঠে এলাম জল ছেড়ে, দীর্ঘনিঃশ্বাসে !
যেমন আগমনীর পূর্বে , বিসর্জনের সুর বাজে !!

            - - -এ এফ এম বাইতুল্লা
                        ২৭/১১/২০১৯

Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

Wednesday, October 30, 2019

১১১। ::: কলঙ্ক

আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।

            এ এফ এম বাইতুল্লা
                   ৩০/১০/২০১৯

Saturday, October 19, 2019

১১০ : : Add-ফ্রেন্ড

লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!

                 এ এফ এম বাইতুল্লা
                         ২০/১০/২০১৯

Monday, October 7, 2019

১০৯ : : কে আছে ??

ক্রমশঃ রাত গভীর হয়, চোখ বুঁজে র‌ই
বিছানায় ছটফট করে একটা অবুঝ মন !
মাথার মধ‍্যে গিজগিজ করে হাজার প্রশ্ন
কে দেবে সদুত্তর ?
ইচ্ছে গুলো কেমন বদলে যাচ্ছে ,
ভেসে যাচ্ছি অন্য জগতে !
কে আছে  , ধরে রাখতে পারে  আমাকে ?
কে পারে  ফিরিয়ে দিতে পার্থিব ইচ্ছে গুলোকে ?
কে আছে  ?
ফিরিয়ে দিতে পারে আমার আমাকে !!

               - - - এ এফ এম বাইতুল্লা
                              ০৮/১০/২০১৯

১০৮ : : অনুভব

তুমি নেই , অথচ আছো
দূরে কিংবা কাছে ।
দূরে রহো ,পাছে ধরা পড়ো
সেই ভয়ে ??

           - - -এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Sunday, October 6, 2019

১০৭ : : দেখা হয় ,কথা নয় !

একটা যন্ত্র নিয়ে খেলা করছি
শুধু আমি ন‌ই , ছোট-বড় সক্কলে ।
বিশ্বায়ন !
দুনিয়াটা হাতের মুঠোয় নেবার চেষ্টা করছি
অথচ , মন ঘরকুনো ব‍্যাঙ !
ভাবছ কেন বলছি ?
যেমন ধর , আমরা রোজ যাই মাঠ,ঘাট,অফিস, বাজার
পরিচিত কে পেলে দু-দন্ড কথা বলি;মনটা জুড়ায় ।
আর এখন যন্ত্রের-স্ক্রিন-এ রোজ দেখা হয়
তোমার সাথে আমার আর আমার সাথে তোমার
অ্যকটিভ স্ট্যাটাস দেখলে ইচ্ছে হয় আলাপ-চারিতার।
কিন্তু ইনবক্সে পৌঁছেই মনে পড়ে অনেকের-ই সাবধান বাণী !
বন্ধু করেছি মানে ইনবক্সে কথা নয় - - -
থামিয়ে দেয় একটা ভয় !!
রোজ আসি , রোজ দেখা হয়
অথচ কথা নয় ।
যন্ত্রে লম্বা হয়েছে বন্ধুত্বের হাত
কোথাও জমাট বাঁধছে অন্ধকার !
কিভাবে সম্ভব এর সৎকার ??

         - - - এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Saturday, October 5, 2019

১০৬ : :প্রয়োজন না বন্ধন !? : :

অনেকদিন ধরে হাঁটছে দুজন
একে অপরকে খুব প্রয়োজন ।
গল্পে-গানে ,রসিকতায়, উন্মোন দুটিমন
মিষ্টি জলে নোনা জলের মিশ্রণ
একে-অপরকে ,সত‍্যিই খুব প্রয়োজন ।
হঠাৎই একদিন জানতে ঈচ্ছুক একটি মন
কতটা দৃঢ় বন্ধুত্বের বন্ধন !?
প্রতিদিন টোকা মনের দরজায় - - -
আজ প্রথম একটু আঘাত !
প্রশ্নবাণে ফিরে আসে প্রত‍্যাঘাত !!
কে তুমি ? কি চাও !?
ভেঙে যায় মন, বন্ধুত্বের বন্ধন !
ফিরতি মন বলে আনমোন
দরজা যেখানে বন্ধ - - -
আলো সেখানে কিভাবে প্রবেশ করবে !?

                 এ এফ এম বাইতুল্লা
                          ০৬/১০/২০১৯

Friday, October 4, 2019

১০৫ : : আবাহন : :

ক্লান্ত-শরীর ছড়িয়ে বিছানার উপর
তারপর ?
ঘুমের মধ্যে জেগে মন !
একজন ।
তন্দ্রায় খোঁজ চলে তার
কার ?
ক্রমে রাত গভীর ,আকাশে আবীর !
মধ‍্যাহ্নে কৃষ্ণচূড়া ;
মনে পড়ে কি তোড়া ??
ক্রমে অপরাহ্নে বেলা
মনের ভিতরে মন ,মত্তলীলা ;
আবীরে আবির ছোঁয়ায় গোধূলিবেলা ।।

              - - -  - - এ এফ এম বাইতুল্লা
                               ০৫/১০/২০১৯

Monday, September 30, 2019

১০৪ : : হেনা তুমি কি আসবেনা ??

ছোট্ট ছোট্ট কথা আর মিষ্টি হাওয়ায়
আবেগের পাখা আজ মেলছে ডানায়
হিজিবিজি উড়ো-চিঠি আর কত কথা
আমাদের সেই প্রথম দেখা - ---!!

সেই আকাশের বুকে আজ মেঘ !
তাই ক্রমশঃ বাড়ছে উদ্বেগ !!
পালেতে ব‌ইছে এক উদাসী হাওয়া
হেনা তাই তুমি কি আসবেনা ??

সেই নদীর বুকেতে আজ ঢেউ !
বুঝি তোমাকে ডাকছে অন‍্যকেহ !!
হেনা তাই তুমি কি শুনছো না ?
হেনা তুমি কি আসবে না !?

রাত হয়েছে অনেক টা গভীর !
তবুও এখন জেগেই আবীর !!
হেনা কেন তুমি দূর-সুদূরে ??
এই দেশটা আমার জানা
হেনা কেন তুমি ফিরবে না ??

কেহ কি করেছে মানা ?
আমি ও এঁকেছি তোমাকে আল্পনায়
সেকথা কি তুমি জাননা ??
হেনা তুমি কি আসবেনা ?
হেনা সত‍্যিই কি তুমি ফিরবে না !?

             - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ৩০/০৯/২০১৯

Friday, September 27, 2019

১০৩ : : আগুন : :

কোথাও লেগেছে আগুন !!
কিভাবে আগুন টা নেভে , সেটাই ভাবুন ।
কোথাও জ্বলছে আগুন !!
সমস্বরে বলছো ভাগুন ভাগুন
আমি বলি থামুন থামুন
সঠিক-টা জানুন
না-হয় আর একটু ভাবুন ।
আমরা জানি - - -
কিছু ঘটছে মানি ।
ম‍্যাসেনঞ্জার-ওয়াট্স‌অ্যপে ঘুরছে ছবি
না-বুঝে শেয়ার তক্ষুনি
এটাই কি সমাধানের পথ ??

কোথাও জ্বলছে আগুন !!
আমরা চাই শান্তি ফিরে আসুক
চাইনা সেই আগুনে বাকী দেশটা জ্বলুক !!

যদি হন  দায়িত্বশীল ভারত-মাতার একজন
তবে  মূখের স্বর্গে নয় !
সঠিক জানুন, ভাবুন- - -
তারপর না-হয় - - - !!

            - -   - এ এফ এম বাইতুল্লা
                           ২৬/০৯/২০১৯

Tuesday, September 24, 2019

১০২ :: ইতিহাস ::

তখন ১৯৯৮ সাল
আর আজ ২০১৯
মাঝে কেটে গেছে ২১টা বছর !
আজকাল আর পাইনা তোমার খবর ।
প্রতিদিন তোমায় একটু একটু করে পড়ি
রাজপথ, চেনা-অচেনা গলি ।
পড়তে পড়তে কত রাত হয়েছে ভোর
তবুও ভুলিনি তোমাকে দেওয়া শপথ ।
এখন‌ও শেষ পৃষ্টায় পৌঁছানো সম্ভব হয়নি !
কখনও পৃষ্টা উল্টাতে উল্টাতে স্বর্ণযুগে পোঁছে গেছি ।
না , আমি শাহজাহান ন‌ই
অষ্টম আশ্চর্যের কিছু গড়ার সাধ‍্য আমার নেই !
একটা যমুনা রয়েছে বটে, তবে তার জল‌ও শুখিয়েছে কবে !
একটা মহল না হলেও আছে ছোট্ট একটা ঘর
যেখানে জ‍্যোৎস্নার প্লাবন খেলা করেনা
শুধু আরশি দিয়ে তার আগমন সম্ভব ।
মন-যমুনায় রোজ জোয়ার আসে
তুমি জানোনা ??
সেই জোয়ারে রোজ তোমাকে হাসাই-কাঁদাই
নিজেও ভাসি - - -!
আর এক আকাশ স্বপ্ন দেখি
তোমার-আমার
গড়া আর ভাঙার !!

               - - - - এ এফ এম।বাইতুল্লা
                               ২৪/০৯/২০১৯

Saturday, September 21, 2019

১০১ :: রোজনামচা ::

আমি যদি সূর্য হ‌ই , তুমি হ‌ও  চাঁদ
দূরে থেকেও আলোর মায়ায় বাঁধবো তোমায়।
সংসারে আসা-যাওয়া চলে নিরন্তর
তুমি আছো ,আমি আছি অন্তরে -অন্তর ।
দিনান্তে কাজের পরে অপরাহ্নে বাড়ি
জাননা , প্রেম-বিরহে আড়ি ??
ভোর না হতেই কাজের তাড়া - --
আজ হোকনা একটু দেরী !
দুজনে আজ গান হয়ে যাই - - -
গানে প্রভাত-ফেরী ।।

আস্তে-ধীরে কহে শশী - --
মধ‍্যাহ্নে আলোয়-প্রভা বড্ড ব‍্যস্ত তুমি !
তখন আমি বিরহে-জ্বালায় মুখ লুকিয়ে রাখি ।
অপরাহ্নে ক্লান্ত শরীর , বাড়ী ফেরার পথে
আমিও তখন ফিরে আসি তোমায় পাব বলে ।
পূর্ণিমাতে তোমার আলোয় আমিও আলোকিত
তোমার গুণে আমার রূপে জগৎ চমকিত ।
জোৎস্না-রাতে প্রেম পিরিতে আমিও হাবুডুবু
মিলন শেষে প্রভাতফেরী আবার নূতন করে শুরু ।
এমনি করে প্রত‍্যহ রাত জোগাই তোমায় - - -
বাঁচার রসদটুকু ।।

                - - - - এ এফ এম বাইতুল্লা
                              ২১/০৯/২০১৯

Saturday, September 14, 2019

১০০:: স্বাধীনতা ::

বস্তির এক ঘুপছি ঘরে ওদের বাস ।ওদের সঙ্গে ওদের খাঁচায় আছে একজোড়া সাদা পায়রা ।সকাল না হতেই দিদি তপুকে ঘুম থেকে জাগিয়ে বলে, ওঠ, জানিসনে আজ স্বাধীনেতা ? লজেন্স-বিস্কিট আনতে যাবিনে ? ছোট্ট তপু দিদিকে জিগায়, স্বাধীনেতা কী দিদি ? লজেন্স-বিস্কিট ?? দিদি তপুকে বলে, ঐ যে ঐ দ‍্যাখ ,আকাশে উড়ে যায় ওরা , ঐ তো স্বাধীনেতা ।ছোট্ট তপু দিদিকে বলে তবে মা-বাবা ওরাও স্বাধীন !?কাল রাতে তুই যে বললি ওরাও আকাশে আছে !তবে ওরা আর আসে না কেন ??দিদি তল পায়না ছোট্ট তপুকে কি বলবে ! হঠাৎ দিদি হাট করে দরজা খুলে ফেলে আর তপুকে নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নীচে, তখন ঝলমলে সূর্যালোক আকাশে পরিযায়ীরা মেলেছে ডানা ।দিদি পায়রার খাঁচাটিকেও বাইরে আনে আর খুলে দেয় খাঁচার দরজা , সাদা পায়রা দুটিও মেলে দেয় ডানা আনন্দে দূর-দিগন্তে । সূর্যের আলোয় ঝকঝক করছে ওদের ডানা ।ছোট্ট তপুও আনন্দে আটখানা ।দিদি ভাইকে জিগায় বুঝলি স্বাধীনেতা ??একসময় দূরে দূরে ছোট্ট হতে হতে পায়রা দুটি দৃষ্টির আড়ালে চলে যায় ! ছোট্ট তপু একদৃষ্টে তাকিয়ে থাকে খোলা আসমানের দিকে ।দিদি অতি ধীরে ভাইকে বলে ওরা আর ফিরবে না ! মা-বাবাও আর আসবে না !!

                   এ এফ এম বাইতুল্লা
                         ১৫/০৮/২০১৯০

Thursday, September 12, 2019

৯৯ :: জীবন স্রোতে ::

একটা কিছু প্রতিক্ষায় জেগে আছে নদী
এখন সে ঋতুমতী ।
জোয়ারে ফেনায় ফেনায় - - -
ভোররাত্রে এলো তুফান ,
ঝোড়ো হাওয়ায় নেচে উঠলো নদীর বুক
এক কাঙ্খিত পার্থিব সুখ ।

জলের ভিতরে ঢেউয়ের ভেঙে পড়ার শব্দে
মাতাল তখন নদী
দু দিকেই ঢেউ ভীষণ রকম
প্রকৃতির বুকে তুফানের আত্মসমর্পণ ।
ক্রমে শান্ত হয় নদীর বুক
এক আকাশ প্রাপ্তিসুখ ।

প্রভাতে পাখির গান
জীবনের জয়গান
প্রবাহমান জীবন-স্রোত ।।

           - - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ১২/০৯/২০১৯

Friday, August 30, 2019

৯৮ :: অপেক্ষায়। ::

অপেক্ষায় দুই প্রান্তে দুটি মন
সময়ের কাঁটা সেকেন্ড ছুঁয়ে, মিনিট ছাড়িয়ে ঘন্টায় ।
মান-অভিমানের পালা চলে দীর্ঘক্ষণ !
একটা কলিংবেলের অপেক্ষায় দুটি মুখ
আকাশ-মেঘে গুমরে কাঁদে বুক !
কবে আসবে বৃষ্টি ভেজার সুখ ?
একসময়, কোন এক প্রান্তের সবুজ আলো নিভে যায় !
অপেক্ষায় অপর প্রান্তের সবুজ আলোটিও নেভে একবুক হতাশায় !!
আবার কখন জ্বলে ওঠবে দু-প্রান্তের সবুজ সিগন্যাল !?
একটা মিস্টি বাতাস বয়ে যাবে বন্দর থেকে বন্দরে
দূর থেকে ভেসে আসবে কোন এক নব-যাত্রার সাইরেন ধ্বনি !
দুটি মনে জেগে ওঠবে একসাথে চলা হাজার সৈন‍্যের প্রতিধ্বনি !
আমরা আসছি ,আমরা আসছি
খুব কাছাকাছি
খুব কাছাকাছি ।।

          - - - - - - এ এফ এম বাইতুল্লা

Wednesday, August 28, 2019

৯৭। :বাবা। :

বাবা কথাটি বড্ড ছোটো , সহজে যায় বলা
বাবাই আদর্শ , প্রথম পথচলা ।
বাবাই প্রাণের সূর্য , জ্বেলে ছিল আলো
সে-আলোর পরশ পেয়ে , জীবন ধন‍্য হল ।
বাবা এক স্বর্ণ-প্রদীপ , প্রাণ-প্রদীপে আলো
বাবা মানেই জগৎ-সেরা ভালোর থেকে ভালো ।
বাবা মোদের জীবন-চরিত , স্বপ্নে মধুকর
বাবা হলেন জ্ঞান-সমুদ্রে রত্নের-আকর ।
বাবা মানেই একটা আলো ,জীবন দিশারী
বাবা হলেন জ্ঞানচক্ষু , আন্ধচোখে মণি ।
বাবা মানেই মিষ্টি-মধুর একটু দখিন হাওয়া
বাবা এলেই তাঁর কাছেতে সকল চাওয়া-পাওয়া ।
আঁধার হলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুম
বাবার সনে সব খানেতে আনন্দে-মরশুম ।
বৃদ্ধকালে বাবা ছেলে , ছেলে বাবা হয়
নয় বৃদ্ধাশ্রম !
হোক ছেলেই বাবার নিশ্চিন্ত আশ্রয় ।
বাবা এক নির্ভরতা , মহান বটবৃক্ষ
তাঁর শূন‍্যতায় মন মরুভূমি সম রুক্ষ !
সূর্যাস্তে !!
চাঁদের আলোয় ধরণী আলোকময়
বাবা গেলেও তাঁর আদর্শে জীবন ধন‍্য হয় ।
বাবা হলেন মাথার মণি , অদৃশ‍্য শামিয়ানা
বাবা আছেন রক্তে মিশে শরীরে তাঁর ছায়া ।
বাবা মানেই একটা আকাশ ছড়িয়ে সীমাহীন
সেবা-দানেই পুত্র পারে মেটাতে পিতার ঋণ ।।

             - - - - এ এফ এম বাইতুল্লা
                     

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...